
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রিজভীর ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা হাতে থাকা দুটি পলিব্যাগ রিজভীর ঘেরের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি পলিব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০ কাটে থাকা আনুমানিক এক লাখ ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থলে বিস্তারিত তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবি অধিনায়ক জানান, ইয়াবা সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।